কুমিল্লা সদর দক্ষিণের হাওড়াতলী এলাকায় প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে মহানগর কৃষকলীগের আহবায়ক খোরশেদ আলম, যুগ্ম-আহবায়ক জোনায়েদ শিকদার তপু ও নগরের ২ নং ওয়ার্ড কৃষকলীগের আহবায়ক আবু হেলাল গুরুতর আহত হয়েছেন। আহতরা নগরের ট্রমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (১১ জুলাই) বিকেল তিনটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল মোহাম্মদ জাহাঙ্গীর জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাওড়াতলী এলাকায় তাদের প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গাছে ধাক্কা দিলে আহত হন তিনজন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে ট্রমা হাসপাতালে নেয়। পুলিশ দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করেছে বলেও জানান তিনি।
জোনায়েদ শিকদার তপুর ছোট ভাই অপু শিকদার জানান, আহতরা হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
এদিকে, কৃষকলীগ নেতার সড়ক দুর্ঘটনার খবরে হাসপাতালে ভিড় করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
একাত্তর/জো