মানিকগঞ্জে বাসচাপায় দুই বন্ধু নিহত, বাসে আগুন

ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের তরা কালিগঙ্গা সেতুর ওপর 'সেলফি পরিবহন' এর এক‌টি বা‌সের ধাক্কায় মোটরসাইকে‌লে থাকা এক কলেজছাত্রসহ দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হ‌য়ে‌ছেন আরও একজন। 

মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে কালিগঙ্গা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘিওর থানার ওসি রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব।

নিহত ওই দুই যুবকের বাড়ি মা‌নিকগঞ্জ জেলার ঘিওর উপ‌জেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত সাড়ে দশটার দিকে মানিকগঞ্জের তরা কালিগঙ্গা সেতুর ওপর পাটুরিয়াগামী সেলফি পরিবহনের একটি বাস পেছন থেকে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র জুয়েল মিয়া এবং তার বন্ধু মোটরসাইকেল ব্যবসায়ী মো: আশিকুর রহমান।

আরও পড়ুন: গোতাবায়ার ভিসা আবেদন ফিরিয়ে দিলো আমেরিকা

এ ঘটনায় আহত হয়েছেন হাসিবুর রহমান অটুট (২৪)। তাকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

দুর্ঘটনার পর পরই স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে কয়েকটি সেলফি পরিবহন ভাঙচুর করেছে। এসময় পুলিশ লাঠি চার্জ করে।

রাত সা‌ড়ে ১১টার দি‌কে এলাকার মানুষ বা‌নিয়াজু‌রি এলাকায় এক‌টি বা‌সে আগুন ধরি‌য়ে দেয়। প‌রে ফায়ার সা‌র্ভিস কর্মীরা এসে আগুন নেভান।  


একাত্তর/আরবিএস