অতিরিক্ত গতি প্রাণ কেড়ে নিলো তিন বন্ধুর

দিনাজপুরে বেপরোয়া গতির একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিন বন্ধুর প্রাণহানী হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই বন্ধু। তাদের দিনাজপুর ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১২ জুলাই) সাড়ে ১১টার দিকে দিনাজপুর সদর উপজেলার দিনাজপুর-রংপুর মহাসড়কের সাতমাইল নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুর শহরের সুইহারী মহল্লার কপিলেশ বসাকের ছেলে বর্ণ বসাক (২৪), মুন্সীপাড়া মহল্লার মৃত নুর আমীনের ছেলে ইমন (২৩) ও কসবা মহল্লার শফিকুল ইসলামের ছেলে শাওন (২৫)।

আহতরা হলেন- রওনক নবী প্রিয় (২৩) ও তানজিল (২২)।

দিনাজপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, কয়েকজন বন্ধু রাতে দুটি প্রাইভেট কার নিয়ে দশমাইল এলাকায় ঘুরতে যায়। ফেরার সময় রাত একটি গাড়ি দুর্ঘটনা কবলে পড়ে। অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে বর্ণ বসাক ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত অবস্থায় চার জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতেই মারা যায় ইমন ও শাওন।

আরও পড়ুন: প্রেমের টানে আমেরিকান তরুণী গাজীপুরে

অপরদিকে আহত রওনক নবী উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং তানজিল দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। 


একাত্তর/এসি