ছাত্রলীগ নেতাকে বন্দুক ঠেকিয়ে হত্যার হুমকির অভিযোগ

পিরোজপুরে নম্বর বিহীন বেপরোয়া গতির এক প্রাইভেটকার চালকের গতি রোধ করায় তিনি স্থানীয় এক ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১২ জুলাই) বিকেলে পিরোজপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

সিসি ক্যামেরায় রেকর্ড হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, একটি মোটরসাইকেলে থাকা তিন যুবক সাদা রঙের একটি প্রাইভেটকারের গতি রোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে গাড়ির চালক বের হয়ে গাড়ির পেছন থেকে একটি শটগান বের করেন। পরে কথোপকথনের পর সটকে পড়েন।

হত্যা হুমকি পাওয়া ওই যুবকের নাম আসিফ ইকবাল। তিনি পিরোজপুর পৌর ছাত্রলীগের সভাপতি বলে জানা গেছে।

আফিস ইকবাল জানান, এদিন বিকেলে তিনিসহ কয়েকজন পিটিআই সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় সাদা রঙয়ের নম্বর বিহীন একটি প্রাইভেট কার হুলারহাট থেকে সিও অফিসের দিকে বেপরোয়া গতিতে আসছিলো। গাড়িটি পাশ থেকে যাওয়ার সময় তার হাতে ধাক্কা লাগে। পরে তিনি একটি মোটরসাইকেল চালিয়ে কিছুদূর গিয়ে গাড়িটির গতিরোধ করেন। এ সময় প্রাইভেটকারের চালক নেমে গাড়ির পেছন থেকে একটি শটগান হাতে নিয়ে তেড়ে আসেন। কাছে এসে কোনো কথা বলার আগেই শটগান লোড করে তার বুকে ঠেকিয়ে গুলি করে মেরে ফেলার হুমকি দেন। এ সময় ওই গাড়ি থেকে এক নারীও বের হন। পরে তার সঙ্গে থাকা কয়েকজন ও পথচারীরা এগিয়ে এলে তিনি গাড়িতে উঠে দ্রুত খুলনার দিকে চলে যান।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ আ. জ. মো. মাসুদুজ্জামান জানান, আফিস ইকবাল থানায় একটি অভিযোগ দিয়েছে। এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। 


একাত্তর/এসি