সোমেশ্বরীতে নৌকা-বাল্কহেড সংঘর্ষে যুবক নিখোঁজ

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে বাল্কহেড ও যাত্রীবাহী নৌকার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিখোঁজ হয়েছেন। 

শুক্রবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের রামবাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে। নিখোঁজ উজ্জ্বল হোসেন (২৮) ওই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের আদমপুর চরপাড়া ফেরী ঘাট থেকে ২০-২৫ জন যাত্রী নিয়ে একটি নৌকা ঝাঞ্জাইলের উদ্দেশ্য ছেড়ে আসে। 

পথে কাকৈরগড়া ইউনিয়নের রামবাড়ী নামক স্থানে বাল্কহেডেরর সাথে যাত্রীবাহী নৌকাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় নৌকাতে থাকা সকল যাত্রী নদীতে পড়ে যান৷ 

এই দৃশ্য দেখে নদীতে থাকা অন্য নৌকাসহ স্থানীয়রা তাদের উদ্ধার করেন কিন্ত নিখোঁজ ছিলেন উজ্জ্বল হোসেন। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে অবগত করে তারা। ঘটনার পর সাত ঘণ্টা পার হলেও এখনো নিখোঁজ উজ্জ্বলের সন্ধান পাওয়া যায়নি। 

এ বিষয়ে পূর্বধলা ফায়ার স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে যাই। জামালপুর থেকে আসা ডুবুরিদল উদ্ধার কাজ চালিয়ে পায়নি। শনিবার সকাল থেকে আবার উদ্ধার কাজ শুরু হবে।


একাত্তর/এসজে