মুন্সীগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ষোলঘর এলাকায় দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে শিশু ও বৃদ্ধাসহ চারজন যাত্রী আহত হয়েছেন।
রোববার বিকাল পৌণে ৪ টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের ষোলঘর বাস স্ট্যান্ড সংলগ্ন ফুটওভার ব্রিজের সামনে এ ঘটনা ঘটে।
ডিএম পরিবহণের যাত্রী শরীয়দপুর এলাকার শিমুল (৬), সুরমা (২২), সুজাতা (১৭) ও ভিআইপি ফেম পরিবহণের যাত্রী কেরানীগঞ্জের কদমতলী এলাকার আমেনা বেগমকে (৬২) উদ্ধার করে হাসপাতালে নেন ফায়ার সার্ভিস কর্মীরা।
স্থানীয়রা জানায়, ঢাকাগামী ডিএম পরিবহণের একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে ভিআইপি ফেম পরিবহণের যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দিলে উভয় বাসের চারজন আহত হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন জানান, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে হাঁসাড়া হাইওয়ে থানার সার্জেন্ট মো. বাহারুল সোহাগ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাসটি দুইটি সড়ক থেকে সরানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।
একাত্তর/আরবিএস