শরণখোলার লোকালয়ে ঢুকে পড়া একটি চিত্রল হরিণ ও একটি অজগর সাপকে উদ্ধার করে বন বিভাগের কাছে ফিরিয়ে দিয়েছে গ্রামবাসী।
রোববার বিকেলে উপজেলার সোনাতলা গ্রামের ঢালির ঘোপ এলাকায় সগির ঘরামির বাড়িতে এসে আশ্রয় নেয় একটি চিত্রল হরিণ। পরে গ্রামবাসী এ সংবাদ পেয়ে সেখানে হাজির হয়ে হরিণটিকে উদ্ধার করে।
বনসুরক্ষা বিষয়ক কমিটি সিপিজির টিম লিডার মো: খলিলুর রহমান ও শহিদুল ইসলাম সাচ্চু জানান, তারা খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় তিনফুট লম্বা মালি হরিণটি উদ্ধার করেন। ধরার সময় ধ্বস্তা-ধ্বস্তিতে এটি কিছুটা আহত হয়। হরিণটি সুন্দরবনের বাঘের তাড়া খেয়ে লোকালয়ে এসেছে বলে ধারনা করা হচ্ছে। এবং এটি গর্ভবতী বলেও দাবি করেন তারা। পূর্ব সুন্দরবনের শরণখোলা ষ্টেশন অফিসে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে হরিণটিকে।
শরণখোলা ষ্টেশন কর্মকর্তা মো: আসাদুজ্জামান জানান, সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের সগির ঘরামির বাড়ির পাশে হরিণটি দেখতে পায় গ্রামবাসী। এরপর সিপিজি, ভিলেজ রেস্পন্স টিম (ভিটিআরটি), বাঘ বন্ধু ও গ্রামবাসী মিলে হরিণটি উদ্ধার করে স্থানীয় ভোলা ক্যাম্পের বন রক্ষীদের খবর দেয়। উদ্ধারের সময় ছোটাছুটি করতে গিয়ে হরিণটি কিছুটা আহত হয়। আহত হরিণটিকে চিকিৎসা সেবা শেষে বনে ছেড়ে দেয়া হবে।
আরও পড়ুন: নড়াইলের রাজনীতি বোঝার চেষ্টা করছেন মাশরাফি
অপরদিকে ওই সকালে একই গ্রাম থেকে ৯ ফুট লম্বা ও ১২ কেজি ওজনের একটি অজগর উদ্ধার করা হয়।
সাপটি সোনাতলা গ্রামের জাহাঙ্গীর হাওলাদরের বাড়িতে ঢুকে একটি হাস খেয়ে ফেলে। পরে সেটিকে উদ্ধার করে সুন্দরবনের ভোলা এলাকার অবমুক্ত করে বন বিভাগ।
একাত্তর/আরবিএস