বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনা

দুর্ঘটনার পর আহত বান্ধবীদের ফেলেই পালান তিন মদ্যপ বন্ধু

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে দুর্ঘটনায় পতিত হওয়ার পর দুই বান্ধবীকে ফেলে পালানো তিন যুবককে আটক করেছে পুলিশ। 

সোমবার (১৮ জুলাই) মধ্যরাতে এ দুর্ঘটনার পর ওই দুই তরুণীর মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। নিহতের নাম বৃষ্টি (২৭)। তিনি ঢাকার বাড্ডা এলাকার বাসিন্দা। আহত তরুণীর নাম জান্নাতুল ফেরদৌস (২৭)। 

এ ঘটনায় আটক যুবক এসএম মাহমুদুল আহসান রবিনের (২৯) বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা করেছে হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ। 

বুধবার (২০ জুলাই) সকালে তাকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি হাজারীবাগ এলাকার গণকটুলির বাসিন্দা। দুই বছর আগে তিনি বিয়ে করেছেন বলে জানা গেছে। 

বাকী দুই যুবক মোশাররফ হোসেন (৩২) ও সুমনকে (৩২) অবৈধভাবে পদ্মা সেতুতে ওঠার চেষ্টা করায় মোবাইল কোর্টে দুই হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। 

আহত জান্নাতুল ফেরদৌস জানান, রাত একটার দিকে বৃষ্টি ও তাকে নিয়ে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে তিন বন্ধু রবিন, মোশাররফ ও সুমন মোটরসাইকেলে করে মাওয়ার দিকে রওনা দেন। রাত দুইটার দিকে তারা শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকায় বেপরোয়া গতিতে চলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ব্যারিকেডে ধাক্কা খান। 

এতে বৃষ্টি ঘটনাস্থলেই মারা যান। বাকি চারজন আহত হন। এসময় তিন যুবক আহত জান্নাতুলকে বৃষ্টির পাশে রেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। পরে পদ্মা সেতুর উত্তর টোল প্লাজা থেকে তাদেরকে আটক করে পুলিশ। 

হাঁসাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক জহিরুল জানান, সোমবার রাতে এক্সপেসওয়ের শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকা থেকে হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ নিহত বৃষ্টি ও আহত জান্নাতুল ফেরদৌসকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। 

এমন সময় পদ্মা সেতু উত্তর থানা পুলিশ ওই দুই নারীর বন্ধু এসএম আহসান রবিনকে (২৯) চিকিৎসার জন্য একই হাসপাতালে নিয়ে আসলে জান্নাতুল ফেরদৌস তাকে সনাক্ত করে পুলিশের সাহায্য প্রার্থনা করেন। এসময় পুলিশ রবিনকে আটক করে। 

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মাহিয়া মারজান জানান, রাত ৩টার দিকে দুর্ঘটনায় আহত নারীকে হাসাড়া হাইওয়ে পুলিশ হাসপাতালে নিয়ে আসে। আহত নারীকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিন যুবকই মদ্যপ অবস্থায় ছিলেন বলেও তিনি জানান।

আরও পড়ুন: মুক্তিপণ আদয়ে ব্যর্থ হয়ে অষ্টম শ্রেণির ছাত্রকে খুন

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, পুলিশ তিনজনের মধ্যে অবৈধভাবে সেতুতে উঠার দায়ে দুইজনকে আটক করে এবং তাদেরকে এক হাজার টাকা করে জরিমানা করে। বাকী একজনকে হাইওয়ে থানায় সোপর্দ করা হয়।

এদিকে, শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় আটক রবিনের বিরুদ্ধে হাইওয়ে পুলিশ মামলা করেছে। তাকে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে। 


একাত্তর/এসজে