ফেনসিডিল ও আট কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার

মুন্সীগঞ্জ শ্রীনগরে ট্রাক থেকে আট কেজি গাঁজা ও ৪৪ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (২০ জুলাই) বিকাল সাড়ে পাঁচটার দিকে শ্রীনগর থানার উত্তরে সেবা হাসপাতালের মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তার হওয়া ট্রাকচালক ওয়াসিম (৪০) দেউলভোগ ধাইসার এলাকার ইসমাইল হাওলাদারের ছেলে। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানার এসআই মাসুদ, এএসআই মাহমুদুল হাসান ও মাজহারুলের নেতৃত্বে ওই এলাকায় অবস্থান নেয় পুলিশ। বিকাল সাড়ে পাঁচটার দিকে ওয়াসিম ট্রাক নিয়ে ওই এলাকা পার হওয়ার সময় পুলিশ ট্রাকটি আটক করে। 

এসময় ট্রাকে থাকা দুইটি প্যাকেট থেকে ৪৪ বোতল ফেনসিডিল ও আট কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

পুলিশী জিজ্ঞাসাবাদে ওয়াসিম জানায়, তিনি কুমিল্লা থেকে এগুলো নিয়ে এসেছেন। মুন্সীগঞ্জের দ্বীন ইসলাম নামে একজন এই মাদক তার কাছ থেকে নিয়ে যেত। 

শ্রীনগর থানার সেকেন্ড অফিসার মাসুদ জানান, ওয়াসিমের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। 


একাত্তর/জো