মুন্সীগঞ্জে ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপার ও হাঁটার সময় বালুভর্তি একটি বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় দুই বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
সোমবার (২ নভেম্বর) সকাল ছয়টার দিকে জেলার সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা দক্ষিণপাড়া দোতলা মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- সিরাজদিখানের রামানন্দন গ্রামের নেকবর আলী সরকার (৬৫) এবং গয়াতলা দক্ষিণপাড়া এলাকার মো. কাইয়ুম দেওয়ান (৭৫)। এছাড়া দুর্ঘটনায় আহত হাশেম বেপারী (৭০) নামের অপর ব্যক্তিকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, সোমবার ভোরে মসজিদে ফজরের নামাজ আদায় শেষে ওই বৃদ্ধরা বাইরে এসে রাস্তার পাশে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় সিরাজদিখান থেকে বালুচরগামী দ্রুতগতির একটি বালুভর্তি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর তুলে দেয়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ড্রাম ট্রাকটি জব্দ করেছে। তবে ঘটনার পরপরই চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং পলাতক চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।
