গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় নসিমনে থাকা ৫ শ্রমিক মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।
বৃহস্পতিবার (২১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কাশিয়ানী উপজেলার কাঠামদরবস্ত এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বিজয় মৃধার ছেলে সুজর মৃধা (৩৫), নিরোদ দাসের ছেলে পরিতোষ দাস (৩০), রবিন বিশ্বাসের ছেলে অমৃত বিশ্বাস (৩৫), মহের বিশ্বাসের ছেলে হিরামন বিশ্বাস (৪৫) ও পারুলিয়া গ্রামের মালেক সিকদারে ছেলে রাজ্জাক সিকদার (৪০)।
তরিকুল ইসলাম নামে স্থানীয় এক যুবক জানান, ভটভটিতে ১৪ জনের মতো ছিলেন। তারা সবাই শ্রমিক। ভটভটি রেললাইন পার হওয়ার সময় ট্রেন এটিকে ধাক্কা মারে। এসময় ভটভটি ছিটকে পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহত হন আরো বেশ কয়েকজন। এর মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ডিএডি আবুল কালাম আজাদ বলেন, দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।
আরও পড়ুন: উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, তিনজন গুলিবিদ্ধ
কাশিয়ানি থানার ওসি (তদন্ত) মোহাম্মাদ ফিরোজ আলম জানান, রাজশাহী থেকে গোপালগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছলে লেভেল ক্রসিং পার হওয়ার সময় একটি যাত্রীবাহী নছিমনকে ধাক্কা দেয়। এতে ৫ জন আরোহীর মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন। তাদের কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
একাত্তর/আরএ