শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে অবরোধ, দুই কিলোমিটার যানজট

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে যাত্রী হয়রানির প্রতিবাদে বঙ্গবন্ধু (ঢাকা-মাওয়া) এক্সপ্রেসওয়ে প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখে ক্ষুব্ধ যাত্রীরা। 

শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এক্সপ্রেসওয়ের মাশুরগাও এলাকায় অবস্থিত পূর্বের বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। 

এসময় রাস্তার দুই পাশে প্রায় দুই কিলোমিটার যানজট সৃষ্টি হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই এলাকায় সকাল থেকে ঢাকাগামী যাত্রীরা বাসের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু কোন বাসে তাদের না তোলায় বেলা বাড়ার সাথে সাথে সেখানে যাত্রীদের সংখ্যা বাড়তে থাকে। সকাল সাড়ে ৯টার দিকে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে রাস্তা আটকে দেয়। এসময় রাস্তার দুই পাশে ঢাকাগামী ও দক্ষিনবঙ্গগামী বিভিন্ন রকম যানবাহনের প্রায় দুই কিলোমিটার জট তৈরি হয়। 

পরে পুলিশ এসে অবরোধকারীদেরকে রাস্তা থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এক্সপ্রেসওয়ে অবরোধমুক্ত করে যান চলাচল স্বাভাবিক করে। 

মো. জাহাঙ্গীর হোসেন নামে এক যাত্রী বলেন, তিনি শ্রীনগর ফেরিঘাট থেকে প্রতিদিন যাতায়াত করে ঢাকার ইসলামপুরের একটি কাপড়ের দোকানে সেলসম্যানের চাকরি করেন। কিন্তু পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে কোন বাস তার মতো যাত্রীদেরকে তুলতে চায় না। 

মাহিন নামে আরেক যাত্রী জানান, তাদের মতো মুন্সীগঞ্জের তিন উপজেলার হাজার হাজার যাত্রীদের দুর্ভোগ এখন চরমে। 

হাঁসাড়া হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক জহিরুল ইসলাম জানান, ঢাকাগামী ক্ষুব্ধ যাত্রীরা বাসে উঠার জন্য রাস্তা আটকে দেয়। পুলিশ গিয়ে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিয়ে বাসে তোলার ব্যবস্থা করে দিয়ে রাস্তা অবরোধমুক্ত করেন। 


একাত্তর/জো