কানে হেডফোন গুঁজে রেললাইনে কিশোর, ট্রেনের ধাক্কায় মৃত্যু

কুষ্টিয়ায় কানে হেডফোন গুঁজে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে জেলার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের দিঘিরপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রের নাম সাইফুল ইসলাম (১৬)। সে সদকী ইউনিয়নের দরবেশপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে এবং একই ইউনিয়নের জিডি শামছুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুলের ছাত্র ছিল।

সদকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজুল আবেদীন দ্বীপ ও কুমারখালী রেলওয়ে কার্যালয়ের স্টেশন মাস্টার মো. শফিকুল ইসলাম বলেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে সাইফুল কানে হেডফোন লাগিয়ে কুষ্টিয়া-রাজবাড়ি রেললাইনের ওপর দিয়ে হাঁটছিল। এসময় নকঁশীকাথা নামের ট্রেন পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে রেললাইনের বাইরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে গেছে।

আরও পড়ুন: সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

পোড়াদহ রেলওয়ে থানার ওসি মো. মনজের আলী বলেন, ট্রেনের ধাক্কায় এক কিশোর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে অফিসার ফোর্স পাঠানো হয়েছে।


একাত্তর/এসি