ফেসবুকে ভুয়া পেইজ খুলে প্রতারণা, গ্রেপ্তার এক

ভুয়া ফেসবুক পেইজ ও ওয়েবসাইট দিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎ করার দায়ে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। 

রোববার (২৪ জুলাই) ভোর পৌনে চারটার দিকে চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মশিউর রহমান (১৯) অস্বাভাবিক মূল্যছাড়ের বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের মোবাইল দেয়ার কথা বলে প্রতারণা করে আসছিল বলে জানিয়েছে র‍্যাব। 

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-৭ জানায়, মশিউর রহমান প্রথমে ১৩টির বেশি ভুয়া ফেসবুক পেইজ ও ওয়েবসাইট খোলেন। এরপর অস্বাভাবিক মূল্য ছাড়ের প্রলোভন দেখিয়ে নগদ অ্যাপের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে বিপুল টাকা আত্মসাৎ করেন তিনি। 


র‍্যাব জানায়, এভাবে মশিউর বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে আনুমানিক ২৪ লাখ টাকা আত্মসাৎ করেছেন। 

এ বিষয়ে আইনি প্রতিকার চেয়ে রিয়েলমি মোবাইল ফোন কোম্পানি র‍্যাব-৭ বরাবর অভিযোগ করে। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে মশিউরকে গ্রেপ্তার করে র‍্যাব। 

আরও পড়ুন: মিলেছে পরিচয়, তবুও বেওয়ারিশ কবরস্থানেই শেষ ঠিকানা                                    

গ্রেপ্তার মশিউরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ৪-৫ মাস আগে আয়ারল্যান্ডে বসবাসকারী একজন প্রবাসী বাংলাদেশীর কাছ থেকে অনলাইনের মাধ্যমে ফেসবুক মার্কেটিং এবং ওয়েব ডিজাইনের কাছ শেখেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভুয়া ফেসবুক পেইজ ও ওয়েবসাইটের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে আসছেন তিনি।  

র‍্যাব আরও জানিয়েছে, গ্রেপ্তার আসামি সংক্রান্ত পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।      



একাত্তর/এসজে