মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল ইসলামের বাড়িঘর ভাঙচুর করেছে এলাকাবাসী।
শুক্রবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে ষোলঘর ইউনিয়নে মায়ের স্বপ্ন গোল্ডেন গার্ডেন নামের বাড়িতে বিক্ষুব্ধ এলাকাবাসী ভাঙচুর করে। বাড়িটির নিচতলায় আজিজুল ইসলামের নিজস্ব অস্থায়ী অফিসও ভাঙচুর করে তার ছবি ও চেয়ার-টেবিল তছনছ করা হয়।
আজিজুল ইসলাম ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। গত শনিবার (২৩ জুলাই) নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে বিপুল পরিমাণ অবৈধ মদ আটকের মামলার অন্যতম আসামি তিনি।
এ ঘটনার পর আজিজুল ইসলাম পলাতক থাকলেও, র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন তার ছেলে আব্দুল আহাদ।
আজিজুর রহমানের ছোট ভাই নজরুল ইসলাম মাহি অভিযোগ করে বলেন, তারা একটি মিলাদে যোগ দিতে ঢাকা থেকে বাড়িতে এসেছেন। দুপুরে হঠাৎ ১০-১২টি মোটরসাইকেলে করে লোকজন এসে বাড়িতে ভাঙচুর চালায় ও পেট্রল দিয়ে পুরো বাড়ি জালিয়ে দেয়ার চেষ্টা করে।
শ্রীনগর থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান ঘটনার ব্যাপারে নিশ্চিত করে জানান, ষোলঘরে একটি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: প্রেমের ফাঁদে ফেলে অন্তরঙ্গ ভিডিও ধারণ, দুই নারী গ্রেপ্তার
তিনি জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে পুলিশ।
উল্লেখ্য, গত শনিবার (২৩ জুলাই) নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬ হাজার ৮১৬ বোতল বিদেশি মদ উদ্ধার করে র্যাব। এ ঘটনায় গ্রেপ্তার করা হয় ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলামের ছেলে আব্দুল আহাদসহ তিনজনকে।
একাত্তর/এসজে