নীলফামারীতে লোকালয়ে চলে আসা একটি কালমুখ হনুমান উদ্ধার করেছে বনবিভাগ।
শুক্রবার (২৯ জুলাই) সকাল আটটার দিকে শহরের বড়বাজার এলাকায় জনতা ব্যাংকের ছাদ কালোমুখ ওই হনুমানটি উদ্ধার হয়। অতিচঞ্চল প্রকৃতির হনুমানটিকে উদ্ধারে ট্রাংকুলাইজার গান দিয়ে চেতনানাশক প্রয়োগ করে উদ্ধার করা হয়।
বন বিভাগ ধারণা করছে দলছুট হয়ে ওই হনুমানটি মধুপুর থেকে আনারসভর্তি কোন ট্রাকে উঠে নীলফামারী শহরে আসে। গত ১৭ দিন ধরে শহর ও পার্শ্ববর্তী গ্রামের বিভিন্ন স্থানে অবস্থানে এটিকে চলাফেরা করতে দেখে লোকজন।
স্বাভাবিকভাবে সেটিকে ধরা সম্ভব না হওয়ায় রংপুর বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ দলের বিশেষজ্ঞরা এসে ট্রাংকুলাইজার গান ব্যবহারের মাধ্যমে শুক্রবার সকালে হনুমানটিকে খাঁচাবন্দী করতে সক্ষম হয়। সেটিকে রংপুরে নিয়ে সুস্থ করে তার নিজ আবাসভূমিতে মুক্ত করা হবে।
নীলফামারী বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোনায়েম খান বলেন, ‘কালোমুখ হনুমানটি শহরে আসার পর উৎসুক জনতা নানাভাবে বিরক্ত করছিল। ফলে হনুমানটি বিভিন্ন স্থানে ছুটে বেড়াচ্ছিল। এতে করে ঠিকমত খাদ্য গ্রহণ করতে না পারায় অনেকটাই দুর্বল হয়ে পড়ে।
আরও পড়ুন: সুন্দরবনের মধ্যে বাঘ স্থানান্তর করতে চায় বন বিভাগ
তিনি জানান, স্বাভাবিকভাবে ধরা সম্ভব না হওয়ায় শুক্রবার সকালে ট্রাংকুলাইজার গানের মাধ্যমে অচেতন করে খাঁচাবন্দী করা হয়। এরপর সুস্থ করে মধুপুরের বনে পাঠিয়ে দেওয়া হবে হনুমানটিকে।
রংপুর সামাজিক বনবিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা স্মৃতি সিংহ রায়ের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয় বলে জানান বন বিভাগের এই কর্মকর্তা।
একাত্তর/এসজে