মীরসরাই দুর্ঘটনা: গেটম্যানকে আসামি করে মামলা

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহতের ঘটনায় আটক গেটম্যান সাদ্দাম হোসেনকে আসামি করে মামলা করা হয়েছে। 

শনিবার (৩০ জুলাই) ভোরে চট্টগ্রাম রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। 

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, ঘটনাস্থলে দায়িত্বরত গেটম্যানকে একমাত্র আসামি করে মামলা করা হয়েছে। তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে সোপর্দ করা হবে।

এদিকে সাদ্দাম হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রামের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আবুল কালাম আজাদ বলেন, দায়িত্ব অবহেলার অভিযোগে সাদ্দাম হোসেনকে পুলিশ আটক করেছে। এ জন্য তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তদন্ত কমিটির প্রতিবেদনে যদি দায়িত্ব অবহেলার অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

আরও পড়ুন: মীরসরাইয়ে দুর্ঘটনায় নিহতদের জানাজা অনুষ্ঠিত

প্রসঙ্গত, চট্টগ্রামের হাটহাজারীর আর অ্যান্ড জে কোচিং সেন্টারের শিক্ষক-শিক্ষার্থীসহ ১৬ জন শুক্রবার সকালে মাইক্রোবাসে খৈয়াছড়া ঝরনায় ঘুরতে যান। ফেরার পথে দুপুর দেড়টা নাগাদ উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া গ্রামের ঝরনা এলাকার রেলক্রসিংয়ে দুর্ঘটনায় ১১ জন মারা যান। এ দুর্ঘটনায় আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।


একাত্তর/এসজে