ঝালকাঠিতে দুই মাদক কারবারির ১৫ বছরের কারাদণ্ড

ঝালকাঠিতে মাদক পাচার মামলায় দুই মাদক কারবারিকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। এছাড়াও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

রোববার (৩১ জুলাই) বিকেলে জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ এই প্রদান করেন। এ সময় সাজাপ্রাপ্ত এই দুই আসামি আদালতে অনুপস্থিত ছিল।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, যশোর জেলার ঝিকরগাছা থানার পুরন্দরপুর গ্রামের মো. আদম আলী (৪৫) এবং একই গ্রামের মো. রানা হোসেন (৪০)।

এই মামলায় ট্রাক মালিক শরিফ মেম্বার ও ইঞ্জিন মিস্ত্রী সালামকে খালাস প্রদান করা হয়েছে।

আদালত পলাতক দুই আসামির বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী মো. মাসুদ।

রাষ্ট্রপক্ষের কৌশলী আবদুল মান্নান বলেন, ২০১৯ সালের ১৮ জানুয়ারি রাত ১১টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের নলছিটি থানাধীন বেলী পেট্রোল পাম্পের পাশে বরিশাল র‌্যাব-০৮ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ট্রাক তল্লাশি করে জ্বালানী ট্যাঙ্কির সাথে বিকল্প একটি ট্যাঙ্কি থেকে ৭০৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

এ ব্যাপারে র‌্যাব-০৮ বরিশালের ডিএডি মাহাফুজুর রহমান বাদী হয়ে নলছিটি থানায় একটি মাদক মামলা দায়ের করেন।

আরও পড়ুন: পাবনায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, নারী আহত

নলছিটি থানা পুলিশ ২০১৯ সালের ১৬ এপ্রিল ৪ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করে। আদালত ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে এ রায় প্রদান করেন।


একাত্তর/আরএ