মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি গ্রামে বাড়ির পাশের দর্শনা-মুজিবনগর সড়ক পার হবার সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছে। 

বুধবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত সজ্জত আলী মোল্লা (৭০) দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি গ্রামের মৃত নাসের আলী মোল্লার ছেলে। 

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর জানান, কুড়ালগাছি গ্রামে বাড়ির সামনের দর্শনা–মুজিবনগর সড়ক পার হবার সময় দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দিলে সজ্জত আলী গুরুতর জখম হন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। 


একাত্তর/জো