নারায়ণগঞ্জে পাটের গুদামের আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জ নগরীর খাঁনপুর এলাকায় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পাটের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। 

শনিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, গুদামটিতে ইন্টারন্যাশনাল জুট ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের কাঁচা পাট মজুত করা ছিলো। সেখানে শ্রমিকরা কাঁচা পাট প্যাকেটিং করতো। এরপর সেগুলো বিভিন্ন স্থানে যেতো। 


বেলা সাড়ে ১১টার দিকে ছয় নম্বর গুদামে আগুন দেখে শ্রমিকরা চিৎকার করে দ্রুত বেড়িয়ে যান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস সেখানে উপস্থিত হয়। 

আরও পড়ুন: নিখোঁজের ২১ ঘণ্টা পর ডুবে যাওয়া ব্যক্তির মরদেহ উদ্ধার

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, আগুনে গুদামের ভেতরে থাকা কাঁচা পাট পুড়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। 

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানা যায়নি জানিয়ে তিনি বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। 


একাত্তর/এসজে