তেলের মূল্যবৃদ্ধি, চাঁপাইনবাবগঞ্জে ব্যাংক-দোকান ভাঙচুর

জ্বালানী তেলসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি ও ভোলায় দুই নেতার নিহতের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষকদলের বিক্ষোভ সমাবেশ ঘিরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইসলামী ব্যাংকসহ ৪টি দোকানে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

রোববার (৭ আগস্ট) বিকেলে শিবগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে একটি মিছিল বিএনপি দলীয় সাবেক সাংসদ ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক মো. শাহজাহান আলী মিঞার বাড়ি থেকে বের হয়ে ইসলামী ব্যাংকের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়।

এ সময় পুলিশ নেতাকর্মীদের রাস্তা ছেড়ে দিতে বললে বাকবিতণ্ডার একপর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। নেতাকর্মীরা ইট-পাটকেল ছোড়ে এবং ইসলামী ব্যাংকের সাইনবোর্ড ও জানালা এবং আরো ৩টি দোকানে ভাঙচুর চালায়।

এছাড়া রাস্তায় থাকা দুটি মোটরসাইকেলও ভাঙচুর করে বিক্ষুব্ধরা। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে সাবেক সাংসদ শাহজাহান আলী দাবি করেন, পুলিশ শান্তিপূর্ণ সমাবেশে উস্কানি দিলে উত্তেজনাকর অবস্থা তৈরি করে।

আরও পড়ুন: রাজধানীর গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রাকিব জানান, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ ঘটনা ঘটেছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। কেউ হতাহত হয়নি। ভাঙচুরের ঘটনায় অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।


একাত্তর/আরএ