বাগেরহাটে ঈদের রাতে বৃদ্ধকে গলা কেটে হত্যা

বাগেরহাটের মোল্লারহাটে দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঈদের রাতে ইউসুফ শেখ (৭৫) নামের এক বৃদ্ধকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। 

মোল্লাহাট উপজেলার হাড়িদাহ গ্রামে শুক্রবার (১৪ মে) রাত পৌনে চারটার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ইউসুফ শেখ হাড়িদাহ গ্রামের মৃত রুংগু শেখের ছেলে।

নিহতের পরিবারের দাবি, হাড়িদাহ গ্রামের রশিদ গ্রুপ ও আবেদ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে চলা বিরোধের জেরেই ইউসুফ শেখকে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় আলামিন শেখ নামের একজন আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মোল্লাহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। এসময় উভয় পক্ষের অন্তত নয় জনকে আটক করে পুলিশ।

আরও পড়ুন: ঈদের নামাজে গিয়ে লাশ হলেন সাইদুল

মোল্লারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী গোলাম কবীর একাত্তরকে জানান, দুইপক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

একাত্তর/এসজে