বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে অতিবৃষ্টিতে বাগেরহাটে ৪৩৬ দশমিক ৫০ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৫০ হেক্টর জমির ধান ও সবজিসহ বিভিন্ন ফসল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে তিন হাজার ৮৯৬ জন কৃষকের প্রায় ১০৪ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বাগেরহাট কৃষি বিভাগ।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ জানিয়েছে।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় রোপা আমন ধান আক্রান্ত হয়েছে ১৮৩ হেক্টর এবং সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ৯ দশমিক ৫৫ হেক্টর। বোরো ধানের বীজতলা আক্রান্ত হয়েছে ২০ হেক্টর, যার মধ্যে সম্পূর্ণ ক্ষতি এক দশমিক ০৪ হেক্টর। এছাড়া সরিষা আক্রান্ত হয়েছে ৬৪ হেক্টর ও সম্পূর্ণ ক্ষতি চার দশমিক ৬৫ হেক্টর; রবি সবজি আক্রান্ত ১০৬ হেক্টর ও সম্পূর্ণ ক্ষতি পাঁচ দশমিক সাত হেক্টর; মরিচ আক্রান্ত আট হেক্টর ও সম্পূর্ণ ক্ষতি এক হেক্টর; পেঁপে আক্রান্ত তিন দশমিক পাঁচ হেক্টর ও সম্পূর্ণ ক্ষতি শূন্য দশমিক ০০৫ হেক্টর; কলা আক্রান্ত তিন হেক্টর ও সম্পূর্ণ ক্ষতি শূন্য দশমিক ১৫ হেক্টর; আলু আক্রান্ত আট হেক্টর ও সম্পূর্ণ ক্ষতি এক দশমিক ৮৫ হেক্টর এবং খেসারি ডাল আক্রান্ত হয়েছে ৩৫ হেক্টর, যার মধ্যে সম্পূর্ণ ক্ষতি ২৫ দশমিক ১৮ হেক্টর। পাশাপাশি ছয় হেক্টর জমির রসুন আক্রান্ত হয়েছে।
বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মতিয়ার হোসেন বলেন, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তিন দিনের অতিবৃষ্টিতে পানি জমে জেলার বিভিন্ন এলাকায় মোট ৪৩৬ দশমিক ৫০ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়। এর মধ্যে ৫০ হেক্টর জমির রোপা আমন ধান, বোরো ধানের বীজতলা এবং রবি সবজিসহ বিভিন্ন ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেছে। জেলায় তিন হাজার ৮৯৬ জন কৃষকের মোট ১০৪ কোটি টাকার ক্ষতি হয়েছে।
মতিয়ার হোসেন আরও জানান, ক্ষয়ক্ষতির বিস্তারিত তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
