বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সোমবার দিনে ও রাতে পটুয়াখালীর কলাপাড়ায় থেমে থেমে মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে। দীর্ঘ খরার পর বৃষ্টিতে কৃষকদের মধ্যে স্বস্তি ফিরলেও আতঙ্কে সমুদ্রগামী জেলে ও বাঁধের বাইরের থাকা শত শত পরিবার।
এদিকে লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
এতে বলা হয়েছে উড়িষ্যা উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এদিকে সাগর উত্তাল হয়ে ওঠায় গভীর সমুদ্র থেকে উপকূলে ফিরতে শুরু করেছে মাছ ধরা ট্রলার। সোমবার (৮ আগস্ট) মৎস্যবন্দর আলীপুর ও মহিপুরসহ বিভিন্ন মোহনায় কয়েকশ’ মাছ ধরার ট্রলার নিরাপদে আশ্রয় নিয়েছে।
আরও পড়ুন: রূপগঞ্জে কেমিক্যাল কারখানার গ্যাসে ২০ জন অসুস্থের অভিযোগ
জনপ্রতিনিধিরা বলেন, সোমবার রাত ১২টার পর কলাপাড়ায় মুষলধারায় বৃষ্টি ও মৃদু দমকা হাওয়া শুরু হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে রাবনাবাদ নদী তীরবর্তী কয়েকশ’ পরিবার। চাড়িপাড়া ও দেবপুরের প্রায় আট কিলোমিটার বেড়িবাঁধ ভাঙা থাকায় জোয়ারে সাতটি গ্রাম নিয়মিত প্লাবিত হয়ে আসছে। লঘুচাপের প্রভাবে আবার নদী ও সাগরের পানির উচ্চতা বাড়লে শত শত পরিবার ক্ষতিগ্রস্ত হবে।
একাত্তর/এসি