নিখোঁজের তিনদিন পর ডোবায় তরুণের গলাকাটা মরদেহ

ঢাকার নবাবগঞ্জে নিখোঁজের তিনদিন পর ডোবা থেকে এক নিখোঁজ তরুণের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে র‌্যাব-১০ সদস্যরা। 

মঙ্গলবার (৯ আগস্ট) স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধারের পর নবাবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব। 

জানা গেছে, মরদেহটি মাজহারুল নামে একজন ইজিবাইক চালকের। দিঘীরপাড় এলাকার মো. মিজানের ছেলে তিনি। এ ঘটনায় প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃতরা র‌্যাবের হেফাজতে আছেন বলে নবাবগঞ্জ থানা পুলিশ সূত্র জানিয়েছেন।

নিহত যুবক মাজহারুলের বোন ইতি আক্তার জানান, শনিবার (৬ আগস্ট) বিকাল চারটার পর থেকে তার ভাইকে খুঁজে পাওয়া যায়নি। তার মোবাইলে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। কিন্তু সংযোগ চালু থাকলেও কল রিসিভ করেননি কেউ। 

ইতি আরও জানান, শনিবার তার ভাইয়ের ব্যবহৃত মোবাইল ফোন নাম্বার থেকে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে ফোন আসে তার মোবাইলে। 

এরপর পরিবারের পক্ষ থেকে তিনি তার ভাই নিখোঁজ হওয়ার বিষয়ে নবাবগঞ্জ থানায় একটি একটি জিডি করেছেন বলেও জানান নিহত তরুণের বোন ইতি। 

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ বলেন, মাদক ব্যবসা নিয়ে এ হত্যাকাণ্ড সংগঠিত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল শেষে ঢাকায় ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানান ওসি। 


একাত্তর/জো