মহিষের গাড়ির ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত

নাটোরের বড়াইগ্রামে মহিষের গাড়ির সাথে ধাক্কা লেগে ইজিবাইকে থাকা এক যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে উপজেলার পারকোল বাজার এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পার্শ্ব সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, নিহত ইযাজুল (৩৫) উপজেলার বড়াইগ্রাম পৌরসভার জলন্দা গ্রামের মৃত ইকান প্রামাণিকের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, নিহত ইযাজুল তার গর্ভবতী ভাগ্নিকে দেখতে বাড়ি থেকে ব্যাটারিচালিত ইজিবাইক ভাড়া নিয়ে বনপাড়ায় হাসপাতালের দিকে যাচ্ছিলেন। পারকোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মহিষের গাড়ি ইজিবাইককে ধাক্কা দিলে ইযাজুল রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বনপাড়া আমিনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় রাতে সেখানে তিনি মারা যান।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আবু সিদ্দিক জানান, দুর্ঘটনার খবর পেয়েছি। এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/জো