মানিকগঞ্জের ঘিওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঘিওর হাট থেকে কারেন্ট জাল জব্দ ও তিন জেলেকে জরিমানা করা হয়েছে।
বুধবার (১০ আগস্ট) বিকেলে ঘিওর হাটে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত করেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হামিদুর রহমান। এসময় তারা আনুমানিক এক লাখ টাকার কারেন্ট জাল জব্দ করেন।
এ সময় কারেন্ট জাল বিক্রি দায়ে ঘিওর উপজেলার সিংজুরী গ্রামের জেলে দারোগালি ও গোলাপ নগর গ্রামের জেলে মহিদুর ও রায়হানকে মৎস্য সংরক্ষণ আইনে পাঁচশ' টাকা করে মোট ১৫শ' টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এই জাল ব্যবহার না করার প্রতিশ্রুতিতে জাল রেখে তাদের ছেড়ে দেয়া হয়। পরে আটক জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হামিদুর রহমান বলেন, অবৈধ কারেন্টজালসহ মাছের বংশবিস্তারে ক্ষতিকর সব রকম জাল ব্যবহার থেকে বিরত থাকতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জেলে সম্প্রদায় এবং জনগণের বৃহত্তর স্বার্থে এই অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
একাত্তর/এসজে