চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কীটনাশকের দোকানে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ী ডিলারকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক উম্মে সালমা রুমা।
সাজা প্রাপ্ত ওই ডিলারের নাম মো. পারভেজ প্রিন্স, যিনি স্থানীয় কীটনাশক ডিলার প্রতিষ্ঠান ‘মেসার্স প্রিন্স ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার কয়লারদিয়ার বাজারে অবস্থিত মেসার্স প্রিন্স ট্রেডার্সে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে দেখা যায়, সেখানে বিধি লঙ্ঘন করে অবৈধভাবে ২৭ বস্তা সার মজুত রাখা হয়েছে। সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ডিলার পারভেজ প্রিন্সকে ২ হাজার টাকা অর্থদণ্ড এবং ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উম্মে সালমা রুমা।
একই সাথে জব্ধ সারের ২৭টি বস্তা দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি ও বিতরণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কৃত্রিম সংকট তৈরি ও অসাধু উপায়ে মজুতদারি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন।
