শেরপুরের নালিতাবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সোহাগ (১৪) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আলী আকবর নামে আরও একজন।
বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার বারোমারী নন্নী তিনআনী মহাসড়কের বেকিকুড়া কাজীবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আহত আলী আকবরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত সোহাগ পশ্চিম সমেশ্চুড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও সমেশ্চুড়া উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিলো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সোহাগ ও তার বন্ধু আলী আকবর মিলে মোটরসাইকেলযোগে বারোমারী বাজার থেকে নন্নী তিনআনী মহাসড়ক হয়ে বাড়ির দিকে যাচ্ছিল। এসময় বেকিকুড়া কাজীবাড়ি মোড় এলাকায় আসলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায়। এতে দুজনেই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষনা করেন। সেই সাথে আলী আকবরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
একাত্তর/এসএ