নেত্রকোনায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও তার দুই মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (৩১ মে) দুপুরে সদর উপজেলার চল্লিশা বাইপাস এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন—নূরজাহান বেগম, তার বড়ো মেয়ে স্মৃতি আক্তার এবং ছোট মেয়ে ইতি আক্তার।
স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক সড়কের চল্লিশা বাইপাস মোড়ে নেত্রকোনা শহর থেকে ছেড়ে আসা চল্লিশাগামী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার যাত্রী স্মৃতি আক্তার ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় নূরজাহান বেগম ও ইতি আক্তারসহ চারজনকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক নূরজাহান ও ইতিকে মৃত ঘোষণা করেন। আহত বাকি তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার পর ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
নেত্রকোনা সদর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন সরকার বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং উদ্ধারকাজ চালিয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
তিনি আরও জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।
