জামালপুরে অপহৃত শিশু উদ্ধার, দুইজন আটক

জামালপুরের সরিষাবাড়ী থেকে অপহৃত ১৫ মাস বয়সের এক শিশুকে মাদারগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। একই সাথে পুলিশ অপহরণ ও শিশু পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলার কয়ড়া পাটাদহ গ্রাম থেকে শিশুটি উদ্ধার এবং অপহরণকারী চক্রের সদস্য দুইজনকে আটক করা হয়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবীর জানান, সরিষাবাড়ী উপজেলার ভুরারবাড়ি গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী শরিফ আহম্মেদের স্ত্রী রাজিয়া বেগম উতু বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় তার ১৫ মাস বয়সী পুত্র শিশু রহমত উল্লাহকে কোলে নিয়ে বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একই এলাকার সোনা মন্ডল (২৪) ও মোছা ফজিলা বেগম (৩৫) শিশুটিকে তার বাবার কাছে পৌঁছে দেবার কথা বলে নিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন: সাড়ে তিন মাস পর কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু

তিনি আরো জানান, আটক সোনা মন্ডল এবং  ফজিলা বেগম ভুরারবাড়ি গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/আরএ