নারায়ণগঞ্জের রূপগঞ্জে কিশোর অপরাধী বাহিনী 'ডেঞ্জার গ্রুপ' এর পাঁচ সদস্যকে একটি গুলিভর্তি বিদেশী রিভলভার ও দেশীয় অস্ত্রসস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) গভীর রাতে র্যাব-১১ এর একটি দল উপজেলার গোলাকান্দাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
র্যাব -১১ এর মিডিয়া অফিসার রিজওয়ান সাঈদ জিকু জানান, গোলাকান্দাইল এলাকায় একাধিক কিশোর গ্যাং গড়ে উঠেছে। তারা এলাকায় ছিনতাই, ডাকাতি, চাদাবাজি, ত্রাসসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত। এসব বাহিনী প্রায় প্রতিপক্ষ কিশোর গ্যাং গ্রুপের সাথে সংঘাত করে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জনমনে ত্রাস ও ভয়ভীতি সৃষ্টিকারী 'ডেঞ্জার গ্রুপ' এর সদস্য মোঃ সাজ্জাত, সাদেক, মোঃ রবিউল, মোঃ আমিনুল ইসলাম ও আরমানকে গ্রেপ্তার করে র্যাব।
এসময় তাদের কাছে থাকা ১ রাউন্ড গুলিভর্তি ১টি রিভলবার, ১ টি টেটা, ৪ টি রামদা ও ৩ টি লোহার পাইপ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের প্রত্যেকের বয়স ১৮ হতে ২০ বছর। তাদেরকে রূপগঞ্জ থানায় সোপর্দের পর সেখানে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
একাত্তর/এসএ