কেরানীগঞ্জে বিসিক শিল্পনগরীর ফ্যাক্টরিতে আগুন

কেরানীগঞ্জের রোহিতপুরে অবস্থিত  ঢাকা বিসিক শিল্পনগরীর প্রাইম প্রিন্ট এন্ড প্যাকেজিং ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের  ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

আগুন নিয়ন্ত্রণে কাজ করে কেরানীগঞ্জের একটি ও ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারের পাঁচটিসহ মোট ছয়টি ইউনিট। পানির স্বল্পতা ও বাতাসের কারণে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা।

ফ্যাক্টরিটির মালিকপক্ষের একজন মহসিন সরকার জানান, এতে তাদের  প্রায় ১০ কোটি টাকার মেশিনারি ও পাঁচ কোটি টাকার কাঁচামালসহ প্রায় ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার জোন-৫ এর উপ-সহকারী পরিচালক হাজিজুর রহমান জানান, তারা রাত সাড়ে এগারোটায় খবর পেয়ে পৌনে বারোটায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। আড়াই ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। 

সময়মত ঘটনাস্থলে পৌঁছাতে পাড়ায় ক্ষতির পরিমাণ কমানো গেছে অন্যথায় পাশের ফ্যাক্টরিগুলোতেও আগুন ছড়িয়ে পড়তো বলে জানান এ কর্মকর্তা।

প্রাথমিকভাবে জানা গেছে, মেশিনারি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে। অগ্নিকাণ্ডে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।


একাত্তর/জো