তিন বিভাগে প্রতীকী জ্বালানি ধর্মঘট, ডিপো থেকে তেল তোলা বন্ধ

জ্বালানি তেল বিক্রির কমিশন ও ট্যাংক লরি ভাড়া বৃদ্ধিসহ ৩ দফা দাবিতে ১২ ঘণ্টার জন্য দেশের তিনটি বিভাগে প্রতীকী ধর্মঘট পালন করছে জ্বালানি তেল ব্যবসায়ীরা। খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগে এই প্রতীকী ধর্মঘট পালিত হচ্ছে। 

বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি ও বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনসহ ৪টি সংগঠন এই ধর্মঘট পালন করছে।

সোমবার (২২ আগস্ট) ভোর ৬টা থেকে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং  সরবরাহ বন্ধ রয়েছে। যা চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির খুলনা বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল গফফার বিশ্বাস জানান, ১২ ঘণ্টার জন্য প্রতীকী ধর্মঘট পালিত হচ্ছে। এ ফলে খুলনার ৩টি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ এবং খুলনা বিভাগের ১০ জেলা ও বৃহত্তর ফরিদপুরের ৫ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। তবে পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল বিক্রি চলছে।

এদিকে, রংপুর বিভাগেও প্রতীকী ধর্মঘট পালন করেছে পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন ও বাংলাদেশ পেট্রোলিয়াম  ডিলার্স ডিস্ট্রিবিউশন, এজেন্ট। ভোর ছয়টা থেকে সেখানে শুরু হওয়া প্রতীকী ধর্মঘট চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। 

রংপুরে জ্বালানী ব্যবসায়ীরা বলছেন, সরকার বারবার প্রতিশ্রুতি দিলেও তাদের ন্যয় সঙ্গত দাবি মেনে নেয়নি। এবার দবি না মানলে দেশব্যাপি কঠোর কর্মসুচী দিতে বাধ্য হবেন তারা।

খুলনা ও রংপুরের সাথে রাজশাহী বিভাগেও চলছে জ্বালানী ব্যবসায়ীদের প্রতীকী ধর্মঘট। 


একাত্তর/এসএ