কবরে গিয়ে ইউটিউব ভিডিও তৈরির অভিযোগে দুই সহোদর আটক

বগুড়ার শাজাহানপুরে কবরে গিয়ে ইউটিউব ভিডিও তৈরির অভিযোগে দুই সহোদর ভাইকে আটক করেছে পুলিশ। এই  ঘটনায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

সোমবার (২২ আগস্ট) উপজেলার আমরুল ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে সকাল ১০ টার দিকে তাদের আটক করা হয় । আটকৃতরা হলেন, ওই গ্রামেরই মোকছেদ আলীর দুই পুত্র  মিলন (২৬) ও মিজানুর রহমান রনি (২৪)। 

পুলিশের দাবি, আটক হওয়া দুই ভাই জীবন্ত অবস্থায় কবরের অভিজ্ঞতা অর্জন করে ভিডিওর মাধ্যমে ইউটিউব চ্যানেলে পোষ্ট করার জন্য এই কাজ করেছেন। এসময় তাদের বাড়ির উঠানে খোড়া কবরে ১০ ঘণ্টা রাত  কাটিয়েছেন রনি। 

রনি চাপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র। 

স্থানীয়রা জানান, আটক দুই ভাই নিজেদের বাড়ির উঠানে কবর খনন করেন। এরপর রোববার (২১ আগস্ট) রাত ১১টার দিকে ক্যামেরা ও পানির বোতলসহ রনি কবরে প্রবেশ করেন। তার বড় ভাই মিলন মাটি চাপা দিয়ে কবরের উপরের অংশ ঢেকে বাহিরের দৃশ্য ভিডিও করেন। অক্সিজেন ও আলো-বাতাস সরবারহ স্বাভাবিক রাখার জন্য তারা কবরের মধ্যে বৈদ্যুতিক বাল্ব এবং উপরে ফ্যান স্থাপন করেন। 

সোমবার সকালে বিষয়টি জানাজানি হওয়ার পরে স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের পাশাপাশি সমালোচনাও শুরু হয়। খবর পেয়ে পুলিশ এসে রনি ও তার বড়ভাই মিলনকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা আরও জানান, রনি অনেক আগে থেকেই তার ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করেন। সে এর আগে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পায়ে হেঁটে ভ্রমন করেছে। 

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হাসান জানান, রনি একজন ইউটিউবার। কবরের অভিজ্ঞতা ভিডিও করে ইউটিউবে পোষ্ট করার জন্য তিনি এই কাজ করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

তাদের দুই ভাইকেই আদালতে পাঠানো হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। 


একাত্তর/এআর