চা শ্রমিকদের সাথে রুদ্ধদার বৈঠকেও হয়নি সমাধান

হবিগঞ্জের চুনারুঘাটে দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের চা শ্রমিক নেতাদের সাথে রুদ্ধদার সভা হয়েছে প্রশাসনের, তবে বৈঠক থেকে আসেনি কোনো সমাধান। 

বুধবার (২৪ আগস্ট) বেলা ১১ টা থেকে বিকেল পর্যন্ত জেলার চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভাটি অনুষ্ঠিত হয়। 

সভায় ২৪ টি বাগানের পঞ্চায়েত সভাপতি ও ভেলি সভাপতিকে নিয়ে দীর্ঘ সময় আলোচনা হলেও চলমান শ্রমিক ধর্মঘটের বিষয়ে কোনো সমাধান হয়নি। 

সভায় জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার এসএম মুরাদ আলি, এনএসআই ডিডি, ইউএনও সিদ্ধার্থ ভৌমিকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা বলছেন, শ্রমিক ধর্মঘটের সমাধানের জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং উপজেলা নির্বাহী অফিসাররা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 

আরও পড়ুন: ইউক্রেনে রকেট হামলা নিহত ২২

এদিকে ৩০০ টাকার দৈনিক মজুরির দাবিতে শ্রমিকরা অনড় রয়েছেন। এ অবস্থায় হুমকির মুখে পড়েছে হবিগঞ্জের চা শিল্প। গাছে গাছে চা পাতা বড় হয়ে উৎপাদন ক্ষমতা হারাচ্ছে। এর আগে উত্তোলন করা পাতা নষ্ট হয়ে যায়। কোনোভাবেই শ্রমিক ধর্মঘটের সমাধান আসছে না। 

উল্লেখ্য গত ৯ আগষ্ট থেকে দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে আন্দোলন করছেন দেশের চা শ্রমিকরা। এর মধ্যে কয়েক দফা বৈঠক হলেও তা ফলপ্রসূ হয়নি।


একাত্তর/আরবিএস