বাজার করতে বেরিয়ে নিখোঁজের আটমাস পর যুবক উদ্ধার

শেরপু‌রের শ্রীবরদী‌তে বাজার করার কথা ব‌লে ক‌রে বা‌ড়ি থে‌কে বে‌রি‌য়ে‌ছি‌লেন আলমগীর হো‌সেন (৩৬), এরপর থে‌কেই নি‌খোঁজ ছিলেন তিনি। এদিকে থানায় প‌রিবা‌রের সদস্যের দা‌য়ের করা সাধারণ ডা‌য়ে‌রির (জি‌ডি) প্রেক্ষি‌তে দীর্ঘ আট মাস পর গাজীপুরের জয়দেবপুর থানার ভবানীপুর এলাকা থেকে বুধবার (২৪ আগস্ট) তাকে উদ্ধার করে পু‌লিশ। আলমগীর হোসেনকে তার পরিবারের কাছে হস্তান্তর করে পু‌লিশ।

পরিবার সূত্রে জানা গেছে, ২০২১ সালের নভেম্বর মাসের ২১ তারিখে বাজারে যাওয়ার কথা বলে নিখোঁজ হন আলমগীর। প‌রে বি‌ভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি ক‌রে পরিবারের লোকজন। তবে কোথাও খুঁজে না পে‌য়ে গত ১৯ জুলাই শ্রীবরদী থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার। এরপর থে‌কেই পুলিশ খুঁজতে থা‌কে আলমগীর হো‌সেন‌কে। এক পর্যা‌য়ে সন্ধান পায় তার। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমগীর হো‌সেন‌কে গাজীপুরের জয়দেবপুরের ভবানীপুর এলাকা থেকে উদ্ধার করে পু‌লিশ।

আলমগীরের স্ত্রী শিল্পী আক্তার বলেন, আমার স্বামী নিখোঁজ হওয়ার পর বাপের বাড়ি চলে যাই। এক সন্তান নিয়ে অনেক কষ্টে দিন কাটাতে হয়েছে। এখন স্বামীকে ফিরে পেয়ে আমরা অনেক খুশি। তবে কী কারণে নিখোঁজ হয়েছিলেন, এ ব্যাপারে তিনি কিছুই জানাতে পারেননি তিনি 

এদিকে, উদ্ধার হওয়া আলমগীর হোসেন বলেন, পরিবারের সদস‌্যদের ঠিকম‌তো ভরণপোষণ দিতে পা‌রি‌নি। অনেকটাই অপারগ ছিলাম। পরে বাজার করার কথা বলে অভিমান করে আমি বাড়ি থেকে চলে যাই।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, সাধারণ ডায়েরি করার পর থেকেই তাকে সন্ধান করা হচ্ছিল। অবশেষে আমরা তাকে উদ্ধার করতে সক্ষম হই। আলমগীরকে তার পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে।

 

একাত্তর/এসএ