কাউন্সিলরের বিরুদ্ধে চিকিৎসককে মারধরের অভিযোগ

নাটোরের সিংড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসককে মারপিটের অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে। 

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুর ১২টা ৪৫ মিনিটে সিংড়া উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মিজানুর রহমান মিজান সিংড়া পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর। আর অভিযোগকারী চিকিৎসক ডা. মইনুল হক রিকো (২৫)। 

ডা. মইনুল হক রিকোর অভিযোগ, মিজানুর রহমান মিজানের নেতৃত্বে ৪-৫ জন তার ওপর চড়াও হয়ে তাকে মারপিট করেন। পরে লোকজন এগিয়ে আসলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন মিজান। 

ডা. রিকো অভিযোগ করে বলেন, 'কাউন্সিলর মিজানুর রহমান মিজান আগে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে একজন বাদীকে দিয়ে মামলা করায়। পরে তার বিরুদ্ধে আদালতে মামলা করলে আদালত মামলা আমলে নিয়ে তাকে গ্রেপ্তার করে। এতে ক্ষিপ্ত হয়ে সে আমাকে বারবার হুমকি-ধমকি দিয়ে আসছে।' 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, 'একজন সরকারি ডাক্তারকে অন্যায়ভাবে মারা সম্পূর্ণ অন্যায়। আমরা এর বিচার চাই।' 

আরও পড়ুন: খুঁটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত তিন, আহত তিন

এদিকে অভিযুক্ত কাউন্সিলর ও যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান বলেন, 'উপজেলা পরিষদের পেছনে আমাকে দেখে ডা. রিকো অযথা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এতে আমি তার উপর ক্ষিপ্ত হয়ে হাতে থাকে ফোন তার দিকে ছুঁড়ে মারি।'

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে-এ-আলম সিদ্দিকী বলেন, ঘটনার কথা আমি মৌখিকভাবে শুনেছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে। 


একাত্তর/এসজে