মাদরাসার পাটাতনের আড় ভেঙে শিশুদের মাথায়, নিহত এক

ভোলায় একটি প্রাইভেট আবাসিক মাদরাসার পাটাতনের আড় ভেঙে আট বছরের এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও পাঁচ শিশু। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে জেলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট এলাকার মিঝির বাজার সংলগ্ন রহিমা খাতুন মহিলা ক্যাডেট মাদরাসায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশুর নাম সামিয়া (৮)। সে ওই মাদরাসায় কোরআনে হাফিজি পড়ছিল।

স্থানীয়রা জানান, শনিবার বিকাল থেকে মাগরিবের নামাজের পর পর্যন্ত শিক্ষক-ছাত্ররা টিনসেড মাদরাসার পাটাতনে লাকড়ি তুলছিল। এক পর্যায়ে লাকড়ির ভারে পাটাতনের আড় ভেঙে শিশুদের গায়ে পড়ে। এতে ঘটনাস্থলেই সামিয়া মারা যায়। আহতদের বোরহানউদ্দিন হাসপাতালে নেয়া হয়েছে।

আরও পড়ুন: নোয়াখালীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৪০

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. শাহিন ফকির জানান, সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/এসি