বরিশালে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তাদের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করলে আধা ঘণ্টা পর পুলিশের আশ্বাসে সরে যান।
রোববার (২৮ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে জেলার বাবুগঞ্জের রহমতপুর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভ্যানের যাত্রী ফজলুল হক ও সুমি আক্তার। এছাড়া নিহত সুমি আক্তারের ছেলে তাওহীদ ও ভ্যানচালক জয়নাল আহত হয়েছেন। নিহতদের বাড়ি রহমতপুরের মানিককাডি এলাকায়।
স্থানীয়রা জানান, বাসটি রহমতপুর ব্রিজের ঢালে পৌঁছলে সড়ক পার হতে যাওয়া একটি যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী নিহত হয়। আহত অবস্থায় ভ্যানচালক ও এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: পেকুয়ায় পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি
বরিশাল এয়ারপোর্ট থানার পরিদর্শক আমানউল্লাহ আল বারী বলেন, বাসটি আটক করা হলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছেন। মহাসড়ক অবরোধকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
একাত্তর/এসি