শেরপুরে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলিচাপায় এক বিধবা নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে শহরের দমদমা কালীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফিরোজা খাতুন (৫০) নামে কালীগঞ্জ এলাকার মৃত আব্বাস আলীর স্ত্রী ও চার সন্তানের জননী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কালীগঞ্জ উত্তরপাড়ায় প্রতিষ্ঠিত সেলিম তরফদার সুজনের পরিচালনাধীন একটি ইটের ভাটার শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি ওই ভাটা থেকে জেলা কারাগার মোড়ের দিকে যাচ্ছিলো। এসময় আব্বাস আলীর বাড়ির সামনে আসলে রাস্তা পারাপারের সময় ওই ট্রলি ফিরোজা খাতুনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি রাস্তার পাশে পুকুরে পড়ে গেলে চালক দ্রুত পালিয়ে যান। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে নিহতের মরদেহ থানায় নিয়ে আসা হচ্ছে। নিহতের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
একাত্তর/জো