কুয়াকাটা সৈকতে আবারও মৃত ডলফিন

কুয়াকাটার সৈকতে আবারো ভেসে এসেছে সাত ফুট লম্বা একটি মৃত ইরাবতী ডলফিন।

মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে তিন কিলোমিটার পূবে ঝাউবন এলাকায় ডলফিনটিকে প্রথমে দেখতে পায় কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য জুয়েল রানা। 

জুয়েল রানা জানান, ডলফিনটি বেশ কয়েকদিন আগে সাগরে মারা গেছে বলে মনে হচ্ছে। বিকেলে জোয়ারের পানিতে ঢেউয়ের সাথে এটি ভেসে এসে বালুচরে আটকে যায়। ইতিমধ্যে পেটের একটি অংশ ফেটে গেছে এবং একটি কানের মাথা কাটা রয়েছে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, এটি কি কারণে মারা গেছে বিষয়টি স্পষ্ট নয়। চলতি বছর এ পর্যন্ত ১৫টি জীবিত ও মৃত ডলফিন কুয়াকাটা সৈকতে ভেসে আসতে দেখা গেছে।

আরও পড়ুন: কলাপাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ডলফিনটির শরীরে পচন ধরায় দ্রুত সৈকতে বালু চাপা দেওয়া হয়েছে। তাদের টিম সার্বক্ষণিক সৈকতে কাজ করছে বলেও জানান তিনি।


একাত্তর/জো