সালিশে সংঘর্ষ বেধে একজন নিহত

মহেশখালীতে স্থানীয় সালিশ চলাকালে দু’পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (২ সেপ্টেম্বর) উপজেলার হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়ায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত ব্যক্তির নাম আব্দুস শুক্কুর (৫৩)। তিনি স্থানীয় ছনখোলা পাড়ার বদিউর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, জমির সীমানা নিয়ে নিহত আব্দুস শুক্কুর ও অপরপক্ষের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিলো। শুক্রবার উভয় পক্ষের উপস্থিতিতে চলা সালিশে উদ্ভূত উত্তেজনার জের ধরে তাকে পাশ্ববর্তী ইউনিয়ন কালারমারছড়া থেকে লোকজন এসে মারধর করে। মারধরের পর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বজ্রপাতে কৃষিশ্রমিকের মৃত্যু, আহত চারজন

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, হোয়ানকে বিচার-সালিশকে কেন্দ্র করে খুনের ঘটনায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহেশখালী থানা পুলিশের একটি ইউনিট পাঠানো হয়েছে। পুলিশ এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে।


একাত্তর/জো