প্রাইভেটকার চাপায় চবি শিক্ষকের মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রাইভেটকার চাপায় নিহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফতাব হোসেন। 

শুক্রবার (২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. রহমান নাসির জানান, একটি অনুষ্ঠান থেকে ড. আফতাব হোসেন স্কুটি চালিয়ে ক্যাম্পাসের বাসায় ফিরছিলেন। বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের কাছে একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়।

পরে স্থানীয় লোকজন তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: লাইনে দাঁড়ালেই ৩০ টাকায় চাল পাবেন তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা

রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা মাইক্রোবাস চালক মাসুদ পারভেজকে পুলিশের কাছে সোপর্দ করেছে। মাইক্রোবাসসহ চালককে হাটহাজারি মডেল থানায় নেওয়া হয়েছে। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

ড. আফতাব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকতেন। তিনি স্ত্রী ও এক পুত্রসন্তান রেখে গেছেন। শনিবার যোহর নামাজের পর চবি কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে ড. আফতাবকে ক্যাম্পাসে দাফন করা হবে।


একাত্তর/এসজে