অংথোই মারমা হত্যার প্রতিবাদ

ইউপিডিএফের ডাকে খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ

দলের সংগঠক অংথোই মারমাকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির পাঁচ উপজেলায় আধাবেলা সড়ক অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ। 

রোববার (৪ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অবরোধ চলছে। 

পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকে অবরোধ চলছে গুইমারা, মাটিরাঙ্গা, রামগড়, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলায়।

এর আগে, শনিবার (৩ সেপ্টেম্বর) গুইমারা ও রামগড়ে অন্তত দুইটি ট্রাকে আগুন দিয়ে সড়ক অবরোধ করা হয়। 

অবরোধের কারণে এসব উপজেলায় সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোন গাড়ি ছেড়ে যায়নি।


এদিকে, অবরোধ সমর্থকরা কয়েকটি স্থানে জড়ো হয়ে অবরোধ কর্মসূচি পালন করছে। জালিয়াপাড়া-রামগড় সড়কের যৌথখামার নামক স্থানে টায়ার জ্বালিয়ে সড়কে অবরোধ সৃষ্টি করেছে তারা। তবে এখন পর্যন্ত কোথাও কোনো গাড়িতে হামলা বা ভাঙচুরের খবর পাওয়া যায়নি।  

আরও পড়ুন: ছাত্রীনিবাস থেকে বেরোবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশীদ জানান, ঝুঁকিপূর্ণ এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (২ সেপ্টেম্বর) জেলার গুইমারার দেওয়ান পাড়া এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তের গুলিতে মারা যান ইউপিডিএফ সংগঠক অংথোই মারমা আগুন।


একাত্তর/জো