ভোলায় তিন লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

ভোলায় দুইটি বসতঘর থেকে তিন লাখ ছয় হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জো‌নের সদস্যরা। 

সোমবার (৫ সেপ্টেম্বর) রা‌তে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের জংশন বাজার এলাকা থেকে ওই জাল জব্দ করা হয়।

জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি সাত লাখ ১০ হাজার টাকা বলে জানায় কোস্টগার্ড।

কোস্টগার্ড দক্ষিণ জো‌নের মিডিয়া কর্মকর্তা কেএম শা‌ফিউল কিঞ্জল জানান, গোপন সূত্রে খবর পেয়ে জংশন এলাকার দুইটি বসতঘরে তল্লাশি চালিয়ে ওই জাল জব্দ করা হয়। 

আরও পড়ুন: ২১ মামলার পরোয়ানাভুক্ত আসামী গ্রেপ্তার

তিনি আরও জানান, এর সাথে জড়িতরা কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউ‌কে আটক করা যায়নি। 

জব্দকৃত কারেন্ট জাল মৎস্য বিভাগের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় বলেও জানান এই কোস্টগার্ড কর্মকর্তা।


একাত্তর/জো