মেহেরপুরে হেরোইন সেবন করতে গিয়ে ওভারডোজে নিহত মাদকাসক্ত এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে শহরের ময়ামারি সড়কের পাশের এক লিচুবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, নিহত জামাল হোসেন (৪৮) গাংনী উপজেলার রামকৃষ্ণপুর গাড়াবাড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
হেরোইন সেবন করতে গিয়ে ওভারডোজে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সরোয়ার জানান, বিকেল তিনটার দিকে জরুরী সেবা নম্বরে ফোন আসে পুলিশের কাছে। ময়ামারি সড়কের পাশের লিচুবাগানে এক ব্যক্তির মরদেহ পড়ে আছে বলে জানানো হয়। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে একটি লিচু গাছের নীচে ঐ ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ। এসময় মরদেহের পাশে পড়ে থাকা হেরোইনসহ তা সেবনের উপকরণ ও একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়।
আরও পড়ুন: মাগুরায় ৯ কেজি গাঁজাসহ তিনজন আটক
তিনি আরও জানান, উদ্ধার করা পরিচয়পত্রটি অটোশ্রমিকদের। ওই পরিচয়পত্র থেকেই তার পরিচয় সনাক্ত করা হয় এবং তার পরিবার ও স্বজনদের খবর দেয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) জানান, নিহত জামাল বিভিন্ন ধরনের নেশায় আসক্ত ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান তিনি।
একাত্তর/জো