জামালপুরের সরিষাবাড়ীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার ডোয়াইল নিচপাড়া গ্রাম থেকে অভিযুক্ত মিলন মিয়াকে গ্রেপ্তার করা হয়।
নির্যাতিত গৃহবধূ শাহীনা আক্তার হাদান ইউনিয়নের খাগুরিয়া গ্রামের মৃত আব্দুল লতিফের কন্যা।
শাহীনার ভাই ফরহাদ হোসেন জানান, শাহীনা আক্তারের সাথে ১৩ বছর আগে মিলন মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই মোটা অংকের যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন শাহীনা আক্তারকে নানাভাবে নির্যাতন করে আসছিলেন।
সম্প্রতি মিলন মিয়া সীমা আক্তার নামে অন্য এক নারীকে বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের পর থেকে প্রথম স্ত্রীর ওপর নির্যাতন আরও বেড়ে যায়।
বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে মিলন মিয়া, তার দ্বিতীয় স্ত্রী সীমা আক্তার ও মা জাহানারা বেগম যৌতুকের জন্য বেধড়ক মারধর করেন শাহীনা আক্তারকে।
আরও পড়ুন: নিয়মরক্ষায় গেলো সারাদিন, সীমান্তে মুমূর্ষু তরুণের মৃত্যু
বিষয়টি জানাজানি হলে শাহীনার পরিবারের লোকজন গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহব্বত কবীর জানান, এ ঘটনায় অভিযুক্ত স্বামী মিলন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। শাহীনার ভাই সরিষাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
একাত্তর/এসজে