কুষ্টিয়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় তিন কৃষকসহ চারজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করে কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালে নেয়া হয়েছে।
কুষ্টিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, রোববার (১২ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটার দিকে জেলার কুমারখালি উপজেলার কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক সড়কের আলাউদ্দিন নগর এবং ভোরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের এগার মাইল নামক স্থানে সড়ক দুর্ঘটনা গুলো ঘটে।
নিহতরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গাফফার, ইন্তা সরদার ও সানু এবং নওগাঁ জেলার সাপাহার উপজেলার অজ্ঞাত এক ব্যক্তি।
আলাউদ্দিন নগরের দুর্ঘটনার বিষয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কয়েকজন কৃষক নছিমনযোগে কুমারখালীর উদ্দেশে পেঁয়াজ কিনতে যাচ্ছিলেন। পথে নসিমন-ভ্যান-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে নছিমন ও ভ্যান দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ওই নছিমনে থাকা তিন কৃষক ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অন্তত ৯ জন।
আরও পড়ুন: এক্সপ্রেসওয়েতে হার্ট অ্যাটাকে ডাকাতের মৃত্যু!
অপরদিকে ভোরের দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের এগার মাইল নামক স্থানে এমদাদ নামে এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহত ব্যক্তির বাড়ি নওগাঁ জেলার সাপাহার এলাকায় বলে জানা গেছে।। হতাহতদের উদ্ধার করে কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালে নেয়া হয়েছে।
একাত্তর/এসি