রাজবাড়ীতে রকি হত্যায় প্রধান দুই আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

রাজবাড়ীতে ব্যবসায়ী আরিফুল ইসলাম রকি হত্যায় মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, পাঁচটি গুলির খোসা ও একটি মুখোশ উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার আসামিরা হলেন- জেলার চরখানখানাপুর এলাকার সৌরভ আহাম্মেদ শাওন ও কুষ্টিয়া জেলার মো. ইয়ামিন আলী। 

সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টায় রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এক সাংবাদিক সম্মেলনে এ খবর জানিয়েছেন। 

পুলিশ সুপার জানান, গত শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে খানখানাপুর সুরাজ মোহিনী ইন্সটিটিউটের সামনে দুটি মোটরসাইকেল যোগে দুর্বৃত্তরা এসে আরিফুল ইসলাম রকিকে গুলি করে হত্যা করে। ওই ঘটনায় রকির বাবা রাজ্জাক শেখ বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ চিরুনি অভিযান চালিয়ে হত্যায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করে। 

আরও পড়ুন: নাটোর পাসপোর্ট অফিসের সহকারী পরিচালককে আদালতে তলব

পুলিশ সুপার আরও জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটে। নিহত রকির সঙ্গে পাঁচ মাস আগে শাওন ও ইয়ামিনদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছিল। ওই ঘটনার রেশ ধরেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে গ্রেপ্তার আসামিরা স্বীকার করেছেন।

সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন, মো. শাহনেওয়াজ, মো. মাইনউদ্দিন চৌধুরী, ডিআইও ওয়ান মো. সাইদুজ্জামান। 


একাত্তর/এসি